মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

মোনাজাতের পর চোখের পানি কোথায় মুছবে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০
  • ৬৭ জন নিউজটি পড়েছেন

আমাদের অঞ্চলে প্রচলিত আছে, মোনাজাতের সময় প্রবাহিত চোখের পানি চেহারায় মুছে নিলে চেহারা জাহান্নামের আগুনে জ্বলবে না। কথাটি কি সঠিক?

উত্তর : প্রশ্নে উল্লিখিত ধারণা বা বিশ্বাসের কোনো ভিত্তি কোরআন ও সুন্নাহে পাওয়া যায় না। এটি একটি মনগড়া কথা। তবে আল্লাহর ভয়ে কান্না করা এবং অশ্রুপাত করার মর্যাদা ও প্রতিদান বিষয়ে একাধিক হাদিস রয়েছে। সুতরাং মনগড়া কথা প্রচার না করে সহিহ হাদিসে কী আছে, তা জেনে নেওয়া উচিত। আবু উমামা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, দুটি ফোঁটা ও দুটি চিহ্নের চেয়ে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে আর কিছু নেই। আল্লাহ তাআলার ভয়ে যে অশ্রুর ফোঁটা পড়ে, আল্লাহর পথে যে রক্তের ফোঁটা নির্গত হয় এবং আল্লাহর নির্ধারিত কোনো ফরজ আদায় করতে গিয়ে যে চিহ্ন সৃষ্টি হয়। (সুনানে তিরমিজি, হাদিস : ১৬৬৯)

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.)-কে আমি বলতে শুনেছি, জাহান্নামের আগুন দুটি চোখ স্পর্শ করবে না। আল্লাহর ভয়ে যে চোখ কান্না করে এবং আল্লাহ তাআলার রাস্তায় যে চোখ পাহারা দিয়ে ঘুমহীনভাবে রাত পার করে দেয়।’ (সুনানে তিরমিজি, হাদিস : ১৬৩৯)

অন্য হাদিসে এসেছে, আল্লাহর ভয়ে কান্নাকারীদের তিনি কিয়ামতের দিন তাঁর ছায়ায় আশ্রয় দেবেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘সাত ব্যক্তিকে আল্লাহ তাঁর ছায়ায় আশ্রয় দেবেন—যেদিন তাঁর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। (তন্মধ্যে একজন হলো) ওই ব্যক্তি যে একাকী-নির্জনে আল্লাহকে স্মরণ করে। ফলে (আল্লাহর ভয়ে) তার চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৬০)

সুতরাং বোঝা গেল, আল্লাহর ভয়ে প্রবাহিত অশ্রুফোঁটা আল্লাহ অনেক পছন্দ করেন এবং যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু প্রবাহিত করে সে চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। তবে প্রবাহিত পানি চেহারায় না মুছলে এই মর্যাদা নষ্ট হয়ে যাবে আর মুছলে তার মর্যাদা বেড়ে যাবে—এমন কোনো কথা প্রমাণিত নয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English