মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

অপপ্রচারের অভিযোগে হেলেনাকে গ্রেফতার, হচ্ছে আরও

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৪৯ জন নিউজটি পড়েছেন
হেলেনা জাহাঙ্গীর

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে সদ্য অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরকে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। আজ শুক্রবার (৩০ জুলাই) দুপুরে এক ক্ষুদে বার্তায় তাকে গ্রেফতারের এ তথ্য জানায় র‍্যাব।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, আজ শুক্রবার বিকেল ৪টায় র‍্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আরও জানায়, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ছাড়াও মাদক, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও বিটিআরসি আইনে আলাদা আলাদা মামলা করা হবে।

গতকাল বৃহস্পতিবার রাতে হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে বিদেশি মদ, অবৈধ ওয়াকিটকি সেট, ক্যাসিনোর সরঞ্জাম, বৈদেশিক মুদ্রা, হরিণের চামড়া ও চাকু জব্দ করা হয়। এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তার মেয়ে জেসিয়া আলম। বৃহস্পতিবার (২৯ জুলাই) দিবাগত রাতে গুলশানের বাসায় অভিযান শেষে সাংবাদিকদের কাছে বিস্তারিত বলেন তিনি।

মদের বিষয়ে জানতে চাইলে সংবাদমাধ্যমে জেসিয়া বলেন, আমার ভাইয়া মদ পান করে। সেগুলোই বাসায় ছিল। তবে ভাইয়ার মদ পানের লাইসেন্স রয়েছে। পাসপোর্টও আছে। আর ভাইয়ার বিয়ের সময় মায়ের সঙ্গে রাজনীতি করা নেতানেত্রীরা মিলে হরিণের চামড়া গিফট করেছে। সেটি ওয়ালে ঝোলানো ছিল।

ক্যাসিনোর সরঞ্জামাদির বিষয়ে তিনি বলেন, ক্যাসিনোর চিপস ওগুলো। আমরা নিজেরাই খেলতাম আর সময় কাটাতাম। তবে ক্যাসিনো খেলতে যে বোট আর সরঞ্জাম লাগে তা নেই আমাদের। ধরেন বাসায় তাস খেলে না কেউ? সে রকম একটা বিষয়। জাস্ট ক্যাসিনোর চিপগুলো ছিল বাসায়। মানুষ গেম খেলতে পারে না? ওরকম।

বিদেশি মুদ্রার বিষয়ে জানতে চাইলে জেসিয়া বলেন, আমাদের বিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত যাতায়াত রয়েছে। বিদেশ থেকে আসার পর যে মুদ্রাগুলো বেঁচে যায় সেগুলো তো রাস্তায় ফেলে দিতে পারি না। ওইসব মুদ্রা থেকে গেছে।

সবই তো বললেন, আপনাদের কাছ থেকে পেয়েছে র‍্যাব। তাহলে অভিযানকে কী হিসেবে দেখছেন। জানতে চাইলে হেলেনার মেয়ে জেসিয়া বলেন, আমাদের বাসায় ইলিগ্যাল মালামাল রয়েছে মানলাম। তাই বলে ওরকমভাবে অভিযান করা যায়। কোনো ওয়ারেন্ট নেই, সার্চ ওয়ারেন্ট নেই হুট করে ঢুকে গেল আর অভিযান চালাল। কোনো কো-অপারেট নেই।

এর আগে রাত সোয়া ১২টার দিকে গুলশানের বাসা থেকে হেলেনা জাহাঙ্গীরকে আটক করে র‍্যাবের সদর দপ্তরে নেওয়া হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত আটটার দিকে রাজধানীর গুলশান ২ এর ৩৬ নম্বর সড়কে হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান শুরু করে। র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল কে এম আজাদ বলেন, হেলেনা জাহাঙ্গীরকে তার বাসা থেকে রাত সোয়া ১২টার দিকে র‍্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। বেশ কিছু বিষয়ে বিস্তারিত তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

চার ঘণ্টার অভিযান শেষে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, ‘নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরের বাসায় আমরা অভিযান চালিয়েছি। হেলেনা জাহাঙ্গীরের বাসা থেকে বিদেশি মদ, বিদেশি কারেন্সি, হরিণের চামড়া, ক্যাংগারুর চামড়া, ওয়াকিটকি সেট এবং ক্যাসিনো খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পশু সংরক্ষণ আইন ছাড়াও তার নামে ডিজিটাল নিরাপত্তা আইনসহ সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।’

হেলেনা জাহাঙ্গীরকে আটকের পর তার মালিকানাধীন জয়যাত্রা আইপি টিভি ও জয়যাত্রা ফাউন্ডেশন ভবনে অভিযান চালিয়েছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন র্যািবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ।

তিনি জানান, জয়যাত্রা টেলিভিশনের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। কিছু কাগজপত্র পাওয়া গেছে, সেগুলো যাচাই-বাছাই করে টেলিভিশনটি বন্ধ করা হতে পারে। টেলিভিশনটিতে কর্মী নিয়োগে বাণিজ্যের অভিযোগও তদন্ত করা হচ্ছে।

চ্যানেলটি বন্ধ করে দেয়া হবে কি-না জানতে চাইলে র‍্যাবের এই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘অধিকতর তদন্ত করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। তদন্ত করে যদি বৈধ কাগজপত্র না পাওয়া যায় তাহলে চ্যানেলটি বন্ধ করে দেয়া হবে।’

সম্প্রতি ফেসবুকে ‘বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ’ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। সেই কারণেই তাকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় বলে জানা গেছে।

আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ থেকে গত রোববার হেলেনা জাহাঙ্গীরকে অব্যাহতি দিয়ে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে উপকমিটির সদস্যসচিব ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ সই করেন। এতে বলা হয়, হেলেনা জাহাঙ্গীর আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপকমিটির সদস্যপদ হতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English