বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন

পণ্যের মান, ডিজাইন ও দক্ষতা দিয়ে বাজার দখল করতে হবে

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৫৪ জন নিউজটি পড়েছেন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্লাস্টিক শিল্প বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় খাত। বিশ্বে এ পণ্যের বিশাল বাজার রয়েছে। পণ্যের মান, ডিজাইন ও দক্ষতা দিয়ে বাজার দখল করতে হবে। বিশ্বে দিনে দিনে প্লাস্টিক পণ্যের চাহিদা বাড়ছে। আমাদের সুযোগ রয়েছে, এ সুযোগকে কাজে লাগাতে হবে।

শনিবার (২৩ জানুয়ারি) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ পানগাঁও কনটেইনার পোর্ট রোডে বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লাস্টিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বিআইপিইটি) যৌথভাবে আয়োজিত বিআইপিইটির নতুন ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার প্লাস্টিক শিল্পের উন্নয়নে সহায়তা প্রদান করে যাচ্ছে। ব্যবসায়ীদেরও এগিয়ে আসতে হবে। বিশ্বের প্লাস্টিক পণ্যের চাহিদা মেটাতে আমাদের তৈরি হতে হবে। প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষতা অর্জনের বিকল্প নেই। এ ইনস্টিটিউট দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

একসময় বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের চাহিদা মেটাতে বিদেশ থেকে প্লাস্টিক পণ্য আমদানি করতো। আজ বাংলাদেশ এসব প্লাস্টিক পণ্যের চাহিদা পূরণ করে বিদেশে রফতানি করছে। প্লাস্টিক পণ্যকে তৈরি পোশাকের মতো গুরুত্বপূর্ণ রফতানি পণ্যে পরিণত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে, যোগ করেন মন্ত্রী।

এলডিসি গ্রাজুয়েশনের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, সামনে আমাদের জন্য আলোকিত পথ অপেক্ষা করছে, এগিয়ে যেতে হবে সামনের দিকে। এজন্য যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে। সরকার ইতোমধ্যে ভুটানের সঙ্গে পিটিএ স্বাক্ষর করেছে। নেপালের সঙ্গে অল্প সময়ের মধ্যে চুক্তি হবে। আরও অনেক দেশের সঙ্গে আলোচনা চলছে। সাময়িকভাবে এটা আমাদের জন্য লাভজনক মনে না হলেও দীর্ঘমেয়াদে এটি আমাদের জন্য লাভজনক হবে। এজন্য আমাদের কাজ করতে হবে। প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে এগিয়ে যেতে পণ্যের মান ও দক্ষতার বিকল্প নেই।

বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব ড. মো. জাফর উদ্দীন। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন আহমেদ, সাবেক প্রেসিডেন্ট শামীম আহমেদ ও এস এম কামাল উদ্দিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English