মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন

যুক্তরাজ্যের বিমান টিকিটের জন্য সিলেটি যাত্রীদের হাহাকার, আরও ফ্লাইট দাবি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১
  • ১০৫ জন নিউজটি পড়েছেন
বিশেষ শর্তে ৩৮ দেশে বাণিজ্যিক ফ্লাইট চালু হচ্ছে আজ

সিলেটের হাজারও যাত্রী ব্রিটেনের বিমান টিকিটের জন্য হাহাকার করছেন। আগামী ৯ এপ্রিলের আগে তারা ব্রিটেনে ফেরত যেতে চান। কিন্তু টিকিট মিলছে না। উদ্ভূত পরিস্থিতিতে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) পক্ষ থেকে অতিরিক্ত তিনটি ফ্লাইট চেয়ে বিমানকে চিঠি দেওয়া হয়েছে। সিলেট বিমানের কর্মকর্তারা জানিয়েছেন, এখনো অতিরিক্ত ফ্লাইট চালুর কোনো সিদ্ধান্ত তাদের কাছে আসেনি। তবে অতিরিক্ত একটি ফ্লাইট বাড়ানোর চিন্তাভাবনা হচ্ছে।

এদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ব্রিটেনের লাল তালিকায় পড়ে গেছে বাংলাদেশ। এ কারণে বাংলাদেশ থেকে ব্রিটেন ফেরত যাত্রীদের নতুন নিষেধাজ্ঞা ও নিয়মের মধ্যে পড়তে হচ্ছে। ৯ এপ্রিল থেকে ব্রিটেনে কার্যকর হচ্ছে নতুন নিয়ম। বিষয়টি জানার পর সিলেটে অবস্থানরত ব্রিটিশ প্রবাসীরা ৯ এপ্রিলের আগে সেখানে ফিরে যেতে চান।

সিলেটের ট্রাভেল এজেন্সির মালিকরা জানান, গত শনিবার পর্যন্ত প্রায় দুই হাজার যাত্রী ব্রিটেন ফেরত যাওয়ার অপেক্ষায় ছিলেন। তারা অতিরিক্ত দামেও টিকিট নিতে আগ্রহী। কিন্তু বিমানের টিকিট মিলছে না। তারা জানান, ঢাকা থেকে ব্রিটেনের হিথ্রোতে গেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। কয়েক দিন আগেই এই ফ্লাইটের টিকিট শেষ হয়ে গেছে। সর্বশেষ ৭ এপ্রিল সিলেট থেকে আরেকটি ফ্লাইট যাওয়ার কথা রয়েছে। কিন্তু ঐ ফ্লাইটেও টিকিট নেই। এজন্য আটাবের পক্ষ থেকে অতিরিক্ত ফ্লাইট চেয়ে বিমান কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়। ন্যূনতম আগামী ৬ এপ্রিল একটি ও ৮ এপ্রিল দুটি ফ্লাইটের দাবি জানিয়েছেন তারা।

সিলেটের লতিফ ট্রাভেলসের স্বত্বাধিকারী জহিরুল হক শিরু জানান, তারা ২০০ আসনের চাহিদা দেখিয়ে বিমান কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন। বিশেষ করে ব্রিটেন প্রবাসীদের মধ্যে যারা দেশে বেড়াতে এসেছিলেন তাদের রিটার্ন টিকিট রয়েছে। এদের সংখ্যাই বেশি। এদের মধ্যে শিক্ষার্থীও রয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে তারা ব্রিটেন ফিরে না গেলে সমস্যা হতে পারে। মানবিক বিবেচনায় বিমানের তরফ থেকে কমপক্ষে আরও তিনটি ফ্লাইট দেওয়া উচিত বলে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে বিষয়টি নিয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, আটাব নেতৃবৃন্দসহ সিলেটের বিশিষ্টজন এবং যুক্তরাজ্য থেকে কমিউনিটি নেতারা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা চেয়েছেন। পররাষ্ট্রমন্ত্রীও প্রবাসীদের স্বার্থ বিবেচনা করে বিমান কর্তৃপক্ষের কাছে এ নিয়ে সুপারিশ করেছেন বলে জানিয়েছেন সিলেটের আটাব নেতারা। বাংলাদেশ বিমান সিলেটের ম্যানেজার ফারুক আলম বলেছেন, আমরা চেষ্টা করছি সিলেটে থাকা প্রবাসীদের সর্বাত্মক সহযোগিতা করতে। বিষয়টি বিমানের ঊর্ধ্বতনদের অবগত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved © vira-l.com 2017-2022
themesba-lates1749691102
Bengali English